
হামাসের প্রতি কৃতজ্ঞতা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশংসা করলেন ফিলিস্তিনি সংগঠনটির নেতৃত্বের।
বুধবার ক্রেমলিনে হামাসের কাছে জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া তিন রুশ নাগরিকের সাথে সাক্ষাৎ করেন পুতিন। সেখানেই এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট।
জানান, ফিলিস্তিনের জনগন আর কর্তৃপক্ষের সাথে মস্কোর দীর্ঘদিনের সুসম্পর্কের কথা। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। ২০২৩ সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে বন্দি হন রুশ নাগরিক আলেক্সান্দার ত্রুফানোভ, তার মা এলেনা ত্রুফানোভ ও বাগদত্তা সাপির কোহেন। ২০২৩ এর নভেম্বরে প্রথম দফা যুদ্ধবিরতির জেরে মুক্ত হন এলেনা ও সাপির। চলতি বছর ফেব্রুয়ারিতে ছাড়া পান তুরফানোভ।


