
কুমিল্লার দেবীদ্বারের ১৩ নং ধামতী ইউনিয়নের একটি পুকুরের পানি নিষ্কাশনের ড্রেইন অবৈধভাবে জোর পূর্বক নিষিদ্ধ ড্রেজারের মাধ্যমে ভরাটের অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লার দেবীদ্বারের ১৩ নং ধামতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আড়াই বাড়ি ও আলাউদ্দিনের বাড়ির মাঝখানে দাগুন পুকুর নামে একটি অত্যন্ত পুরোনো পুকুর অবস্থিত।যার দাগ নম্বর (৪৫৫৭)। যৌথ মালিকানাধীন এই পুকুরটি খননের সময় আড়াই বাড়ি সহ আশেপাশের এলাকার পানি নিষ্কাশনের জন্য পুকুরের সাথে একটি ড্রেইন রাখা হয়েছে। কিন্তু এখন আলাউদ্দিনের বাড়ির কতিপয় ব্যক্তি জোর পূর্বক নিষিদ্ধ ড্রেজারের মাধ্যমে ড্রেইনটি ভরাট করছে বলে কুদ্দুস মিয়া, পিতা মৃত জলিল মিয়া নামে এক ব্যক্তি এলাকাবাসীর পক্ষে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের নিকট অদ্য ০২/০৬/২০২৫ ইং রোজ সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগে বলা হয়েছে যে, আশেপাশের এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ড্রেইনটি আলাউদ্দিনের বাড়ির মোঃ শাহজাহান, পিতা- সিদ্দিকুর রহমান,জামাল উদ্দিন, পিতা-মফিজ উদ্দিন হাশেম, আব্দুল মালেক গং সহ আরো ২০/২৫ জন মিলে ড্রেজার দিয়ে জোর করে ভরাট করে। এসময় ভুক্তভোগীরা নিষেধ করলে মারধর করতে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগীরা স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলামকে জানান। জনাব নুরুল ইসলাম স্বরজমিনে গিয়ে এলাকার জলাবদ্ধতার কথা চিন্তা করে অবৈধভাবে ড্রেইনটি ভরাট করতে নিষেধ করলেও বিবাদীরা এর কোন তোয়াক্কা না করে জোর পূর্বক ড্রেজার দিয়ে ড্রেইনটি ভরাট করে।যার ফলশ্রুতিতে ৫০/৬০ টি পরিবার এখন জলাবদ্ধতার স্বীকার হচ্ছে। এমতাবস্থায় এলাকাবাসী ভরাটকৃত ড্রেইনটি পুনরায় খননের জন্য জন্য মিডিয়ার মাধ্যমে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে।


