বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

নবীনগর এসএসসি ৯৮ ব্যাচের লঞ্চ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

শ্যামল বর্মন শিমুল, নবীনগর  প্রতিনিধি

মেঘলা আকাশ, টিপ টিপ বৃষ্টি আর বুকভরা ভালোবাসা এর মাঝেই শুরু হলো নবীনগর ৯৮ ব্যাচের বহু প্রতীক্ষিত লঞ্চ ভ্রমণ ও পারিবারিক মিলনমেলা ভ্রমণ।

গন্তব্য নরসিংদীর নাগরিকান্দী গোল্ডেন পার্ক।
পথ প্রকৃতির এক বিশাল জলচিত্র, মেঘনা নদী।
আর সঙ্গী বন্ধুত্ব, পরিবার আর না বলা শত শত গল্প।
সকাল থেকেই আকাশ ভেঙে পড়ছে ধীরে ধীরে। বৃষ্টির শব্দ যেন শোনাচ্ছিল মনের ভেতরের কথা আজকের দিনটা হবে বিশেষ, আজ আবার এক হবে পুরোনো হৃদয়গুলো।
নবীনগরের ঘাটে জড়ো হলো ৯৮ ব্যাচের বন্ধু ও তাদের পরিবার। বৃষ্টি সবার শরীর ভিজিয়ে দিলেও, মুখে মুখে ছিল অদ্ভুত এক উচ্ছ্বাস এটা তো কেবল ভ্রমণ নয়, এটা জীবনের এক নতুন সকাল।

লঞ্চ ছুটে চলল মেঘনার বুক চিরে। চারদিকে বৃষ্টির পর্দা আর ঠাণ্ডা হাওয়া, মাঝে মাঝে লঞ্চের ছাদে জড়ো হয়ে দাঁড়ালেন কয়েকজন চায়ের কাপ হাতে, চোখে দূরের জলরাশি আর মুখে পুরোনো দিনের গল্প।

গানের আসর বসলো একপাশে “রিমঝিম বৃষ্টিতে ভিজে গেছে মন…”বন্ধুরা গলা মিলালো, শিশুদের কোলাহলে মিলেমিশে গেলো সেই সুর।
বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছিল মাথার ওপর, কিন্তু কারও মধ্যে বিরক্তি নেই বরং সবাই বলছিল, “এই বৃষ্টি না হলে, এই ভ্রমণ এত সুন্দর হতো না!” লঞ্চের ছাদে কেউ দাঁড়িয়ে হাত মেলে ধরছিল আকাশের দিকে, কেউ আবার ছাতা হাতে সেলফি তুলছিল পরিবারের সঙ্গে। হাসি, খুশি, গান, আবেগ সবকিছু মিলিয়ে একটা ‘জীবনের মুহূর্ত’ হয়ে উঠলো দিনটা।গোল্ডেন পার্কে পৌঁছে বৃষ্টিভেজা ঘাসে পা ফেলে সবাই যেন ছেলেবেলায় ফিরে গেল। রান্না ভাগাভাগি, খেলাধুলা, ছবি তোলা আর প্রতিটি মুহূর্তে একে অন্যকে আপন করে নেওয়া এটাই ছিল আজকের দিনের সেরা অর্জন।

বিকেলের দিকে বৃষ্টি কিছুটা থামলেও সবার মনে তখনো তার ছাপ এই ভিজে যাওয়া দিনটাই তাদের স্মৃতির পাতায় সোনা দিয়ে লেখা থাকবে।ফিরতি লঞ্চে কেউ হয়তো নিরবে ভাবছিল, “এমন দিন বারবার আসে না। আজকের এই বৃষ্টির সাথে মিশে থাকলো আমাদের বন্ধুত্বের উষ্ণতা।”

শেষ কথা—
বৃষ্টি ভেজা এই দিনটি ছিল শুধুই একটা ভ্রমণ নয়, ছিল এক টুকরো জীবনের ফিরে পাওয়া। নবীনগর ৯৮ ব্যাচ মেঘনা নদীর ঢেউয়ে বৃষ্টির ছোঁয়ায় গড়ে তুললো এক অমূল্য স্মৃতি, যা হৃদয়ের পাতায় চিরকাল অক্ষয় হয়ে থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত