
ঢাকা: বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৬ কোটি ৭৬ লাখ টাকা) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার।
তিনি বলেন, “বাংলাদেশে আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু ও অবাধ হবে—এমন একটি পরিবেশ নিশ্চিতে ইইউ সহায়তা দেবে। এজন্য আমরা ৪ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করে। বৈঠকে ইইউর অর্থায়নে নতুন প্রকল্প, নির্বাচন কমিশনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্রিফিংয়ে ইইউ রাষ্ট্রদূত আরও জানান, আগামী মাসে বিশেষজ্ঞ পর্যায়ের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। “বাংলাদেশে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন দেখতে চায় ইইউ। এ জন্য আমরা নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে একযোগে কাজ করব,” বলেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ডিজিটাল বিভ্রান্তি, ভুল তথ্য প্রচার ও ডিসইনফরমেশনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায়ও কাজ করবে ইইউ।
উল্লেখ্য, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্তর্জাতিক মহল আগ্রহী। আসন্ন জাতীয় নির্বাচন যাতে অবাধ ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।


