
- বন্দর নগরী চট্টগ্রাম রেলওয়ের ‘অলিখিত সম্রাট’ ছিলেন চট্টগ্রামের যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। দরপত্র, ইজারা, দখল-বাণিজ্য—সবই চলতো তার হাতের ইশারায়। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আশীর্বাদের হাত মাথায় সব কাজ ছিল ‘দুধভাত’। কাড়ি কাড়ি টাকা কামিয়ে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে গড়েছেন সাম্রাজ্য। আওয়ামী সরকারের পতনের পর ‘সেইফ এক্সিট’ নিয়েছেন সেখানেই।
যুবলীগের প্রভাব খাটিয়ে অপরাধ জগত নিয়ন্ত্রণ করে তৈরি করেছেন অঢেল সম্পদ অর্জন, কিন্তু কোথাও নির্দিষ্ট পরিমাণ হিসাব দেওয়া হয়নি, তাই প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে চট্টগ্রামের যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়।
কমিশন সূত্রে জানা যায়, আয়কর তথ্য বিবরণীতে তারা দুজনেই অবৈধ সম্পদের তথ্য গোপন করেছেন। কয়েক মাস সরেজমিন অত্যান্ত পরিশ্রমের মাধ্যমে তদন্ত করে দুদকের একটি টিম তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তারই প্রেক্ষিতে আজ মামলা করা হয়েছে।
দণ্ডবিধির ১০৯ ধারায় আলোচিত এ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে সপরিবারে পলাতক আছেন যুবলীগের এ নেতা।এর আগেও তার বিরুদ্ধে কয়েকটি ছাত্র হত্যা মামলা হয়েছে।


