
স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২০২৫ সালের ভিপি (সহসভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় জনকল্যাণ বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার।
তাহমিনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের বাসিন্দা। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে ভিপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বাধীন এই রাজনৈতিক ধারার ছাত্র সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট। সংগঠনটি দীর্ঘদিন ধরে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ ও নিরাপদ ক্যাম্পাস গড়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন তাহমিনা আক্তার। পাশাপাশি ক্যাম্পাসে সহিংসতা ও দমননীতির বিরুদ্ধে তিনি বিভিন্ন আন্দোলন, বিক্ষোভ ও সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত মাজার-মন্দিরে হামলা, তোফাজ্জল হত্যাকাণ্ড, ঈদে আজমের জুলুসে হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিসহ একাধিক ঘটনায় সাহসী ভূমিকা পালন করেন তিনি।

ভিপি প্রার্থী তাহমিনা আক্তার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে বলেন, “এই মর্মান্তিক হত্যাকাণ্ড সত্যের কণ্ঠ রুদ্ধ করার পাশাপাশি মানবতার শত্রু অপরাধী রাজনীতিকে আরো বিস্তার করার ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “সব ধর্ম, সব মত ও সব পথের মানুষের সমান নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা নিশ্চিত করে, একক গোষ্ঠীর স্বৈরদস্যুতা থেকে মুক্ত একটি মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তাহমিনা আক্তার দেশের সকল মানবিক শিক্ষার্থী, ভাই-বোনের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


