
স্টাফ রিপোর্টার
জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন আবু সাইদের বাবার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
গতকাল বুধবার এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। বক্তব্যে তিনি আবু সাইদ হত্যার প্রেক্ষাপট তুলে ধরেন এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ দেন।
এর আগে, গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার সকালে মামলার গ্রেফতার ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চালানোর জন্য সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দিয়েছেন আদালত।
এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় গত ৩০ জুন। তারও আগে, ২৪ জুন তদন্ত সংস্থার কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেন। পরবর্তীতে ২৮ জুলাই মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন।
আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলা কেবল আবু সাইদ হত্যার বিচার নয়, বরং জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংস ঘটনাগুলোর একটি গুরুত্বপূর্ণ বিচারিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রথম দিনের সাক্ষ্য শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ঘোষণা করবে।


