
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) দায়িত্ব নেওয়ার পর এ সাফল্য এসেছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এনসিটিতে সর্বমোট ৫ হাজার ১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে আমদানি কনটেইনার ২ হাজার ১০১ টিইইউএস এবং রপ্তানি কনটেইনার ২ হাজার ৯১৮ টিইইউএস। এটি এনসিটি পরিচালনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রেকর্ড।
চট্টগ্রাম ড্রাই ডক সূত্রে জানা গেছে, ৭ জুলাই থেকে এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি মাসের ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা পূর্বের তুলনায় ৪০ শতাংশের বেশি।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, “বেসরকারি অপারেটর ছাড়া বন্দর চলবে না, এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে। চট্টগ্রাম ড্রাই ডক দায়িত্ব নেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ও জাহাজের অবস্থানকাল হ্রাস—দুটিই বড় অর্জন।”
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, “ড্রাই ডক দায়িত্ব নেয়ার পর প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ কনটেইনার বেশি হ্যান্ডলিং হচ্ছে। আশা করছি, সামনের দিনগুলোতে আরও উন্নতি হবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এনসিটিতে এ উন্নয়ন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে গতিশীল করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


