
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের পর আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ পরে জানানো হবে।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর ৩১ আগস্ট সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। একইদিন দুপুরে ফের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাঁধে।
এ ঘটনায় চবি’র উপ-উপাচার্য, প্রক্টরসহ সহস্রাধিক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে এবং ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


