
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ এলাকায় পথচারী আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব। এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ৩০ আগস্ট রাতে পূর্বশত্রুতার জেরে চার থেকে পাঁচজন সন্ত্রাসী পিন্টুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৬২, তারিখ ৩১ আগস্ট ২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৭ এর একটি দল খেলবিও এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলু (৩৬) এবং সহযোগী হাসান ওরফে কিরিচ হাসান (৩০)-কে গ্রেফতার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে বিকেল ৪টা ৫০ মিনিটে আলীনগর এলাকায় আরও দুইজন—মোহাম্মদ শাহিন (২৮) ও মোবারক হোসেন বাপ্পি (৩৬)—কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, নিহত পিন্টুর সঙ্গে প্রধান আসামি দেলু’র এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে পিন্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।


