বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

মানবতাবিরোধী অপরাধ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ আজও চলবে

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণের ধারাবাহিক কার্যক্রমের আজ ১১তম দিন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এদিন সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার ১০ম দিনে সাংবাদিক, চিকিৎসকসহ মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত মোট ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হলো।

মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানি পরিচালনা করছেন। অপর প্রসিকিউটররাও উপস্থিত আছেন। অন্যদিকে পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন দায়িত্ব পালন করছেন।

এ মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেফতারের পর দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার তার সাক্ষ্য গ্রহণ হতে পারে।

উল্লেখ্য, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। অভিযোগপত্রে গুম-খুন, দমন-পীড়ন ও গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের বিস্তারিত বিবরণ উঠে আসে।

এই মামলার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। এর একটি আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম-খুনের অভিযোগে দায়ের করা, অন্যটি রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার এবং প্রশাসনের একটি অংশ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব ঘটনার বিচার বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত