মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার একটি বড় সেচ ক্যানেলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার এজারুল ওরফে কানা রেজাউল (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগপুর দক্ষিণপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে ভোরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটে। বাড়ির একটি ছোট ঘরের তালা ভেঙে অটোরিকশাটি নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে চিৎকার করেন মালিক। পরে মসজিদের মাইকেও চুরির খবর প্রচার করা হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে সন্দেহভাজন দুজনকে ধাওয়া করেন। ভোর পৌনে পাঁচটার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাঁদের আটক করে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান জানান, তিনি বাড়ির একটি ছোট ঘরে অটোরিকশাটি রাখতেন। ভোরে ঘরের তালা ভেঙে সেটি নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে দুজনের পিছু নিয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হন এবং তাঁদের আটক করে মারধর করেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রোববার বেলা পৌনে একটার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত