
সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত বোটসহ আটজনকে আটক করা হয়।কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

