মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

CARAT-২০২৬ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম, ১ নভেম্বর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (CARAT)-২০২৬’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ USS WARRIOR চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

রোববার (১ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়লে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইয়ুট এবং সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ দুই দেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৬৮ মিটার দৈর্ঘ্যের জাহাজটির আগমন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী সামরিক রীতিতে বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বরণ করে নেয়।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইয়ুট, হেড অব ডেলিগেশন ক্যাপ্টেন স্টিফেন্স এবং যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ প্রতিনিধিদল কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আগামীকাল সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সের (SMWT) অডিটোরিয়ামে CARAT-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে যৌথ প্রশিক্ষণ মহড়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR, মার্কিন নৌবাহিনীর P-8A উড়োজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, কমডোর সোয়াডস কমান্ডের বিভিন্ন ইউনিট ও নেভাল এভিয়েশন অংশ নেবে।

মহড়ার মাধ্যমে দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রপথে নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদারের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে CARAT মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। এর মাধ্যমে যৌথ প্রশিক্ষণ, অপারেশনাল প্রস্তুতি এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

মহড়ার কার্যক্রম শেষে আগামী ৫ নভেম্বর USS WARRIOR বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত