
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মেহেদী হাসান ওরফে হাসান (৩৭) কে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) রাত ১১টা ১৫ মিনিটের দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলের চর এলাকার ভূমিহীন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযানটি পরিচালনা করেন বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন, এসআই আব্দুল কাদের, এসআই শফিউল আলম, এএসআই আজমীর হোসেন ও এএসআই বুলবুল হোসেন।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার (৩ মে) ভোর ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শহীদ নগর এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ড্রেসিং টেবিলের পেছনে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে লেখা রয়েছে “AUTO PISTAL MADE IN USA” এবং “7.65MM NO 300”।
গ্রেফতারকৃত হাসান চট্টগ্রামের বায়েজিদ থানার পশ্চিম শহীদ নগর এলাকার সুবহান কনট্রাকটারের বাড়ির বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও হত্যা সংক্রান্তে মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।