সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, কণ্ঠশিল্পী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তবে বিষয়টি ভুয়া এবং বিভ্রান্তিকর বলে প্রমাণ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা শাখা 'বাংলাফ্যাক্ট'।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা যায়, যে ভিডিওটিকে মমতাজ বেগমের বাড়ি ভাঙার ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, সেটি প্রকৃতপক্ষে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা বন বিভাগ কর্তৃক পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ভিডিও। উক্ত অভিযানটি অনুষ্ঠিত হয়েছিল ৩০ মার্চ।
ফ্যাক্টচেক টিমের তদন্তে উঠে আসে, ভিডিওটি পরিকল্পিতভাবে ভুলভাবে উপস্থাপন করে গুজব ছড়ানো হয়েছে। এটি মমতাজ বেগমের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।
বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজব ও ভুয়া তথ্য ঠেকাতে এবং সাধারণ জনগণের মাঝে সত্য তথ্য তুলে ধরতেই তারা নিয়মিত ফ্যাক্টচেক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এ বিষয়ে তারা সবাইকে অনুরোধ করেছে—কোনো তথ্য যাচাই ছাড়া শেয়ার না করতে এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ বজায় রাখতে।