রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব।
সোমবার (২১ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, সদস্য গোলাম মওলা মুরাদ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ নেতৃবৃন্দরা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ উত্তরার ঐতিহ্যবাহী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুতে এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। তারা বলেন, ‘প্রশিক্ষণ বিমানের এই ভয়াবহ দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীসহ অনেকের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপ্রত্যাশিত।’
উল্লেখ্য,মআহ রাজধানীর উত্তরা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও অন্তত ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম চালায়।