চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সময়ের সাথে সাথে চট্টগ্রাম নগরীতে জনবসতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি এখন সময়ের দাবি।
শুক্রবার ২৯ আগষ্ট আনোয়ারা উপজেলার বোয়ালিয়া ২নং বারশত ইউনিয়নের বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশি। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম। আরও উপস্থিত ছিলেন এডভোকেট ফউজুল আমিন চৌধুরী, মনজুরুল আলম মনজু, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, সানি নিজাম, সাবেক চেয়ারম্যান আনছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
সিটি মেয়র বলেন, “বর্তমানে সিটি কর্পোরেশনের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী প্রতিদিন নগরে এসে কাজ করছে ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে। কিন্তু এসব এলাকা কর্পোরেশনের আওতার বাইরে থাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং রাজস্ব ঘাটতি তৈরি হচ্ছে। তাই কর্ণফুলি ও আনোয়ারার বেশ কিছু অঞ্চলকে নগরের সঙ্গে যুক্ত করা জরুরি।”
তিনি আরও বলেন, “সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমরা অতীতে আন্দোলন করেছি। মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করেছি এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাব।”
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।