
চট্টগ্রামের সিটি গেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় নিহত আকাশ দাশ, অজিত দাশ, অমি দাশ, কালা দাশ ও জুয়েল দাশের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় পাড়ার সর্দার বাদল দাশ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলাউদ্দিন সিকদার, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী আনোয়ারুল আলম সিদ্দিকী ও ডবলমুরিং থানা আমির ফারুকে আজম।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক কমিশনার মো. তাহের, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী, সলিমপুর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ মু. ফরহাদ হোসাইন, সোনাইছড়ি ইউনিয়ন আমির কাজী মু. জাহেদ ইমাম, সলিমপুর ইউনিয়ন সেক্রেটারি মু. মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। এ ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। দেশের নাগরিকদের বিপদে সরকারের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো।”
উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন হিসেবে তার সীমিত সামর্থ নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে। এটি দয়া নয়, বরং নৈতিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রয়াস।”
পরে জামায়াতের নেতৃবৃন্দ নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সহানুভূতি জ্ঞাপন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট চট্টগ্রামের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও আরও কয়েকজন আহত হন।