চট্টগ্রাম খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ সেগুনবাগান লালপাহাড় এলাকায় আওয়ামী দোসর ট্যাগ ব্যবহার করে হামলা, লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী বাহিনী।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮.২০ ঘটিকায় এই ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে জানা যায় ভুক্তভোগী নারী নয়ন মনি প্রকাশ লালি (৩২) বিগত আওয়ামী সরকার আমলে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার একটি ছবিকে ব্যবহার করে অভিযুক্তরা তার কাছে ২লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যুবদল নেতা সাদ্দাম প্রকাশ শিবির সাদ্দাম, জামিল, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ গংদের নেতৃত্বে অস্ত্র মামলার আসামী মোঃ আলমগীর, ফরহাদ, হত্যা মামলার আসামী সাগর প্রকাশ মুরগী সাগর, চিকা প্রকাশ আশিক, বিজয়, রহিম, শাহিনসহ অজ্ঞাত ৩০/৪০ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসহ দোকান ও বসত ঘরে হামলা চালায়। এই সময় গুরুতর আহত হন ভুক্তভোগী নারী নয়ন মনি প্রকাশ লালি, মোঃ জহির, সুমি আক্তার, মোঃ সুমন, জুলি আক্তার, আমেনা বেগম, বেবি আক্তার,আঞ্জু বেগমসহ আরো অনেকে।
উল্লেখিত ঘটনায় আহতদেরকে পুলিশি সহায়তার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয় এলাকাবাসী। এই ঘটনার পর থেকে ভুক্তভোগীদের ভোগ দখলীয় দোকান ও বসত ঘরে দফায় দফায় লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত খুলশী থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি। তবে পুলিশ দোষীদেরকে আইনের আওতায় আনতে সকল ধরনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।