
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারাদেশে এবার মোট ৩৩ হাজার পূজা মণ্ডপ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। সন্ধ্যা ৭টার মধ্যেই বিসর্জন সম্পন্ন করতে হবে এবং ঢাকায় একটি লাইন ধরে ধারাবাহিকভাবে প্রতিমা বিসর্জন দিতে হবে।
নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে ২৪ ঘণ্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি মণ্ডপ কমিটির সদস্যদের মধ্য থেকে দিনে ৩ জন ও রাতে ৪ জন করে পুলিশ পাহারায় থাকবে।
তিনি আরও বলেন, গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে। পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। নিরাপত্তার অংশ হিসেবে একটি বিশেষ অ্যাপস চালু থাকবে, যার মাধ্যমে যে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানানো যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে বলেন, পূজা মণ্ডপ ঘিরে যে মেলা বসে সেখানে মাদকের আড্ডা কোনোভাবেই সহ্য করা হবে না। এছাড়া, দুষ্কৃতিকারীরা কোথাও সমস্যা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।