চট্টগ্রামের স্বাস্থ্যসেবার উন্নয়নে চমেক শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।দেশ-বিদেশে চিকিৎসা পেশায় আলো ছড়ানো চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) থেকে পাশ করা শিক্ষার্থীদের চট্টগ্রামের স্বাস্থ্য সেবার উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুরে One Pulse One Pride স্লোগানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ৫ম এলামনাই রিইউনিয়ন ২০২৬ এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৬ তম প্রজন্ম চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ কেবল ডাক্তার তৈরির কারখানা নয়, এটি মানবসেবার আলোকবর্তিকা। আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা পৃথিবীর নানা প্রান্তে চিকিৎসা সেবায় সুনাম অর্জন করেছেন। এখন সময় এসেছে চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সকলে সম্মিলিতভাবে কাজ করার। একজন চিকিৎসকের দায়িত্ব শুধু চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি,তবে চট্টগ্রামের স্বাস্থ্য খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব।
চট্টগ্রাম মেডিকেল কলেজ নিউ একাডেমিক বিল্ডিং এর নীচ তলার কনফারেন্স হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সাইফুদ্দিন মো. তারেক এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব এবং সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।