বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আজ রোববার বিকেল ৫টা ১১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে ভারতের আসাম রাজ্যের উদালগুরি এলাকায়। এর প্রভাব বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসামে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল থেকে বের হয়ে খোলা জায়গায় চলে আসেন। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে কম্পনটি স্পষ্টভাবে অনুভূত হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসামের ওই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় প্রায়ই মাঝারি মাত্রার কম্পন সেখানে হয়ে থাকে।
