
‘পিছে তো দেখো, পিছে দেখো’ বলে ভাইরাল হওয়া পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহের ছোট ভাই উমর শাহ ইন্তেকাল করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ফজরের নামাজের সময় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আহমদ শাহের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমের শাহ আল্লাহর কাছে ফিরে গেছেন। সবাইকে অনুরোধ করছি তার ও আমাদের পরিবারের জন্য দোয়া করার।”
খ্যাতনামা টেলিভিশন অ্যানকার ওসম বদামি জানান, চিকিৎসকদের মতে বমি ফুসফুসে ঢুকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ার কারণে উমর শাহ অক্সিজেন সংকটে ভুগে হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসা বিশেষজ্ঞরা এ ঘটনাকে ‘আস্পিরেশন’ বলে অভিহিত করেছেন।
এই আকস্মিক মৃত্যুতে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা শোকাহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে আসছে অসংখ্য শোকবার্তা ও সমবেদনা।
প্রসঙ্গত, ‘পাঠান কা বাচ্চা’ খ্যাত আহমদ শাহ প্রথম আলোচনায় আসেন টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে। সেখানে তার মুখের বুলি ‘পিছে দেখো, পিছে’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।