
চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।
চিকিৎসকদের ভাষ্যমতে, তাদের মধ্যে অন্তত তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাবের আহমেদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়দের বরাতে জানা গেছে, দোকানে সিলিন্ডার আনলোড করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ বলেন, “দগ্ধদের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ অংশ পুড়ে গেছে। বেশ কয়েকজনের শ্বাসনালীও পোড়া। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”