
চট্টগ্রামের কর্ণফুলী থানায় নতুন ভাড়াটিয়াদের তথ্য জমা বাধ্যতামূলক করা এবং কোনো নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য বা সন্দেহভাজন ব্যক্তিকে বাসা ভাড়া না দেওয়ার নির্দেশনা দিয়ে মাইকিং করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে থানার মইজ্জারটেক মোড় পুলিশ বক্সের পাশে সিএনজি অটোরিকশা থেকে এ বিষয়ে মাইকিং করতে দেখা যায়। পরে পুরো থানাজুড়ে পুলিশের পক্ষ থেকে এ ধরনের সতর্কতামূলক প্রচার চালানো হয়।
মাইকিংয়ে জানানো হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া, বিশেষ করে ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে তাদের জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য বা সন্দেহভাজন ব্যক্তিকে বাসা ভাড়া দেওয়া যাবে না। এনআইডি জমা ছাড়া বাসা ভাড়া দিলে পরবর্তীতে যেকোনো অপরাধ সংঘটিত হলে বাড়ির মালিককেও দায়ী করা হবে।
মাইকিংয়ে আরও সতর্ক করা হয়, যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকেন এবং আটক হন, তাহলে সংশ্লিষ্ট বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আটক করা হবে।
এ নির্দেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ সাংবাদিকদের বলেন, ভাড়াটিয়াদের তথ্য নেওয়ার বিষয়টি নতুন নয়, আগে থেকেই চলছে। কর্ণফুলীবাসীর নিরাপত্তার স্বার্থে এবার এটি আরও জোরদার করা হয়েছে। অনেক সময় বাড়ির মালিকরা অজান্তেই সন্ত্রাসী বা জঙ্গি সদস্যদের বাসা ভাড়া দেন, পরে তারা অপরাধ সংঘটিত করে পালিয়ে যান।
তিনি আরও বলেন, মালিকদের নিরাপত্তার স্বার্থে ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য রাখা জরুরি। এজন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা রাখার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। সম্প্রতি ডায়মন্ড সিমেন্ট এলাকায় স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীর পরিচয় বের করতে পুলিশকে অনেক বেগ পেতে হয়েছিল। এ ধরনের ঝামেলা এড়াতেই সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
তবে ওসি শরীফ দাবি করেন, মাইকিংয়ে পুলিশের নির্দেশনাটি কিছুটা ভুলভাবে প্রচার করা হয়েছে।