
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি কার্ড ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ২০২৩ সালের ২ অক্টোবর ব্যবসায়ী মো. আব্দুল হাইয়ের মোবাইলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ব্যাংক প্রতিনিধি পরিচয়ে ফোন দেন। ক্রেডিট ও ডেবিট কার্ড ‘আপগ্রেড’ করার প্রলোভন দেখিয়ে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি কার্ডের তথ্য সংগ্রহ করেন। পরে এসএমএসের মাধ্যমে পিন নম্বর নিয়ে বিকাশের মাধ্যমে প্রথমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুটি কার্ড থেকে এক লাখ টাকা এবং পরে ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে দশ দফায় পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন।
ঘটনার পরদিন ৩ অক্টোবর এ ঘটনায় পল্টন মডেল থানায় প্রতারণা ও সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করা হয়।
তালেবুর রহমান আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে নুর উদ্দিনের অবস্থান শনাক্ত করা হয় এবং মগবাজার থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।