
কক্সবাজারের মহেশখালীর শাপলাপুরে পুলিশ কনস্টেবলের বাবা মনির আহমদ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত প্রধান আসামি মো. আক্কাস (৩৭) কে গ্রেফতার করেছে পিবিআই কক্সবাজার জেলা ইউনিট।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আক্কাসকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এর আগে মামলার এজাহারনামীয় আসামি জয়নাল আবেদীন (৪১) কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
মামলার তদন্ত সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ২০২৪ রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মহেশখালীর পাট্টাছড়ি ঘোনা এলাকায় মনির আহমদকে গুলি করা হয়। তিন ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ৯ মাসের তদন্তে ৫ জনকে গ্রেফতার এবং ৬ জনকে আদালতে আত্মসমর্পণে বাধ্য করে। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে, নালিশী জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আসামি জয়নাল আবেদীন ওই জমি নিয়ে ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে এবং মনির আহমদকে শায়েস্তা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১০-১১ জন সহযোগী নিয়ে তারা মনির আহমদের মাছের প্রজেক্টে হামলা চালায়। এ সময় নুরুল আফসার নামের এক আসামি গুলি চালালে মনির আহমদ মারাত্মকভাবে আহত হন এবং পরে মারা যান।
পিবিআই জানিয়েছে, মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।