
চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (৪ অক্টোবর) সকালে শুরু হওয়া এই কর্মসূচির ফলে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে মাদামবিবিরহাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুপুর ১২টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধনে অংশ নেন শতাধিক সাবেক কর্মকর্তা। তাদের দাবি, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে কোনো কারণ না দেখিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মহীন করে রাখা হয়েছে। এর ফলে তারা পরিবারসহ চরম দুরবস্থায় পড়েছেন।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে আন্দোলনের ঘোষণা দেন তারা। যদিও কর্মবিরতির কর্মসূচি রোববার থেকে শুরু হওয়ার কথা ছিল, বাস্তবে শনিবার সকাল থেকেই তারা সড়কে নেমে আসেন।
অবরোধ কিছু সময় পর তুলে নেওয়া হলেও দুই পাশে তীব্র যানজট তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা, অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।
