
থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রানি সিরিকিত ছিলেন বর্তমান রাজা মাহা ভাজিরালংকর্নের মা। ২০১৯ সাল থেকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে সমগ্র থাইল্যান্ডে শোকের ছায়া নেমে এসেছে। রাজপরিবার ও রাজপ্রাসাদের সদস্যদের জন্য এক বছরের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রানি সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এ কারণে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করেছেন বলে শনিবার (২৫ অক্টোবর) এক সরকারি মুখপাত্র জানিয়েছেন।
রানি সিরিকিত ২০১২ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই জনসমক্ষে খুব কমই দেখা যেত। তার স্বামী রাজা ভূমিবল আদুল্যাদেজ ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক—১৯৪৬ সাল থেকে টানা ৭০ বছর রাজত্ব করেন তিনি।
থাই জনগণের মতে, দাতব্য কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং মাতৃত্বের প্রতীক হিসেবে রানি মা সিরিকিত দেশবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার প্রয়াণে পুরো দেশজুড়ে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শোক পালন করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন