
দীপাবলির উৎসবে বলিউডে শুরু হয়েছে বক্স অফিসের জমজমাট লড়াই। গত ২১ অক্টোবর একসঙ্গে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দনা অভিনীত ‘থাম্মা’ এবং হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়া অভিনীত ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’।
তৃতীয় দিনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, দুই ছবির লড়াইয়ে এগিয়ে রয়েছে ‘থাম্মা’। হরর-কমেডি ঘরানার এই ছবিটি প্রথম তিন দিনে আয় করেছে ৫৫ দশমিক ১০ কোটি রুপি। অন্যদিকে ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’-এর আয় দাঁড়িয়েছে ২২ কোটি রুপি।
‘থাম্মা’ বলিউডের জনপ্রিয় হরর ইউনিভার্সের পঞ্চম সংযোজন। প্রথম দিনেই ২৪ কোটি রুপি আয় করে ছবিটি বাজিমাত করে। বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহেই এটি বরুণ ধাওয়ান অভিনীত ‘ভেড়িয়া’-র রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
তুলনামূলকভাবে কিছুটা ধীরগতিতে শুরু করলেও ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’-এর নির্মাতারা আশা করছেন, মুখে মুখে প্রশংসা বাড়লে ছবিটি দ্বিতীয় সপ্তাহে ঘুরে দাঁড়াতে পারে।
সব মিলিয়ে দীপাবলির এই উৎসব মৌসুমে বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ‘থাম্মা’।