ধর্মীয় বিতর্ক পেরিয়ে প্রেক্ষাগৃহে ইমরান হাসমি–ইয়ামি গৌতমের সিনেমা
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমি ও ইয়ামি গৌতম জুটি বেঁধেছেন নতুন সিনেমা ‘হক’-এ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে শাহ বানোর পরিবার আদালতে সিনেমাটির মুক্তি স্থগিতের আবেদন করেছিল। তবে শেষ পর্যন্ত মামলা-মোকদ্দমার জটিলতা সত্ত্বেও সেন্সর বোর্ডের কাঁচি পড়েনি সিনেমাটিতে।
মঙ্গলবার জানা যায়, ‘হক’ আনকাট ভার্সনে মুক্তি পাচ্ছে ভারতসহ চার দেশে—সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে। আগামী শুক্রবার (৭ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
আইনি লড়াইয়ের সূত্রপাত হয় শাহ বানোর পরিবারের আপত্তিতে। তাদের দাবি, সিনেমার কিছু অংশ ইসলাম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করতে পারে। পরিবারের পক্ষের আইনজীবী তৌসিফ ওয়ারসি অভিযোগ করেন, নির্মাতারা শাহ বানোর পরিবারের অনুমতি ছাড়াই গল্পটি ব্যবহার করেছেন।
সিনেমাটির গল্প এক সাহসী নারী সাজিয়া বানোকে ঘিরে, যিনি নিজের অধিকারের জন্য সমাজের বিরুদ্ধে লড়াই করেন। চরিত্রটিতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। অন্যদিকে তার আইনজীবী আব্বাসের ভূমিকায় দেখা যাবে ইমরান হাসমিকে।
টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ‘হক’। মুক্তির আগে বিতর্কে জড়ালেও, সেন্সরের ছাড়পত্রে এবার সব বাধা কাটিয়ে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।
