
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার হাঁসের দিঘি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের দ্রুত চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মেহেদী হাসান আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর এক শিশুও মারা যায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় অতীতে একাধিকবার এমন দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ মালুমঘাট থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।