ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত আপিলের শুনানি শেষে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
জন্মভিটা থেকে ভোট করছেন কি না—এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে (শৈলকূপা) চেয়েছি। আমি ভোট করব।”
তিনি আরও বলেন, “আমি এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। তবে নির্বাচনের সময় এলে আমি আমার পদ থেকে সরে গিয়ে প্রার্থিতা গ্রহণ করব।রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সেই তালিকায় ঝিনাইদহ-১ আসনের প্রার্থীর নাম ছিল না।
সেখানে দলের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে হাস্যোজ্জ্বল মুখে আসাদুজ্জামান বলেন, “আমি আশাবাদী।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে থেকে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চাওয়ার ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরল ঘটনা। বিষয়টি নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
