ভোলার মনপুরা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন। শুক্রবার দুপুর ৩টার দিকে মরপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর কাজে স্থানীয় রেডক্রিসেন্ট সদস্যদেরও অংশ নিতে দেখা যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কৃষ্ণা স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে রমেশের কাঠের দোকান, কৃষ্ণা স্বর্ণের দোকান, তরিকুলের কম্পিউটারের দোকান, রিপনের গার্মেন্টস, নাসিমের কাঠের দোকান, সুদাংশুর চালের আড়ত ও উদ্দ্যবের মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করা হবে। শনিবার জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শনে আসবেন বলেও জানান তিনি।