
বল জালে লাগতেই রোনালদো ছুটে যান কর্নার ফ্ল্যাগের দিকে, পরিচিত উদযাপন—‘সিউউউ’—করতে। সৌদি প্রো লিগে এই গোল যেন রোনালদোকে আবারও স্মরণ করিয়ে দিল তার ইউভেন্তুস সময়ের বিখ্যাত বাইসাইকেল কিকের কথা।
রোববার ঘরের মাঠে আল খালিজকে ৪-১ ব্যবধানে হারায় আল নাস্র। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রোনালদোর গোলটি পুরো ম্যাচের সবচেয়ে নাটকীয় ও স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। এতে আগে জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো ও সাদিও মানে একটি করে গোল করে দলকে এগিয়ে দেন।৪০ বছর বয়সেও রোনালদোর শারীরিক সক্ষমতা ও নিখুঁত টেকনিক কতটা উচ্চমানের, তার প্রমাণই এই গোল। ক্যারিয়ারে হাজার গোলের স্বপ্নের পিছে ছোটা রোনালদোর মোট গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৫৪-এ। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তার গোল হলো ১০টি। লিগের শীর্ষ গোলদাতার তালিকায় তার ওপরে আছেন কেবল ফেলিক্স—যিনি গোল করেছেন ১১টি।অপরদিকে লিগেও দুর্দান্ত ফর্মে আল নাস্র। টানা ৯ ম্যাচ জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া আল হিলাল রয়েছে দুই নম্বরে।রোনালদোর বাইসাইকেল কিক শুধু গোল নয়—এটা আবারও প্রমাণ করল, বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা। মাঠে তিনি এখনও অবিশ্বাস্য।