সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে প্রবেশ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৭টা ৮ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এবং সরাসরি তাঁকে খালেদা জিয়ার কক্ষে নিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।হাসপাতালে গিয়ে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার চলমান চিকিৎসা, শারীরিক জটিলতা এবং সামগ্রিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে তথ্য নেন। প্রায় ২৫ মিনিট অবস্থান করে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কিছু শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলীয় মহাসচিবসহ সিনিয়র নেতারা নিয়মিত তাঁর চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।এই সফরকে রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ জাতীয় রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টার এভাবে হাসপাতালে গিয়ে খোঁজখবর নেওয়াকে অনেকেই ইতিবাচক বার্তা হিসেবে বিশ্লেষণ করছেন।
