
লিওনেল মেসির জোড়া অ্যাসিস্ট আর জাদুকরী পারফরম্যান্সে ইতিহাস গড়ল ইন্টার মায়ামি। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে ক্লাবটির ঝুলিতে উঠল প্রথম এমএলএস কাপ। স্মরণীয় এই জয়ে চেজ স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।ম্যাচের শুরুতেই মায়ামি স্বপ্নের মতো এগিয়ে যায়। খেলার ৮ মিনিটে তাদেও আলেন্দের তৈরি করা চাপ সামলাতে গিয়ে ভ্যাঙ্কুভারের ডিফেন্ডার এডিয়ার ওকাম্পো আত্মঘাতী গোল উপহার দেন। ফলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় গোলাপি জার্সিধারীরা।প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরার প্রাণপণ চেষ্টা চালায় ভ্যাঙ্কুভার। ৩৮ মিনিটে ইমানুয়েল সাব্বির কাছাকাছি শট দারুণভাবে ঠেকান মায়ামির গোলরক্ষক রোকো রিওস। এরপর টমাস মুলারের হেডও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হাতছাড়া হয় সমতার সুযোগ।
বিরতির পর আক্রমণাত্মক ছন্দে ফিরে আসে ভ্যাঙ্কুভার। এর ফলও পায় ৬০ মিনিটে। আলী আহমেদের শট রিওসের হাত ফসকে জালে জড়ালে ১–১ সমতায় ফেরে তারা। এরপর দারুণ এক মুহূর্তে সাব্বির নেওয়া শট দুই পোস্টে লেগে ফিরে আসে এবং ফিরতি শট বারে লেগে প্রতিহত হয়—যা ছিল ভ্যাঙ্কুভারের জন্য বিরল দুর্ভাগ্য।তবে সমতা বেশিক্ষণ টেকেনি। ৭১ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে ঠান্ডা মাথায় গোল করেন রদ্রিগো দি পল। ফলে আবারও ২–১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা করতে গিয়ে উল্টো কাউন্টার অ্যাটাকে গোল হজম করতে হয় ভ্যাঙ্কুভারকে। মেসি বুক দিয়ে বল নামিয়ে দক্ষতার সঙ্গে ফ্লিক পাস বাড়ালে আলেন্দে গোলরক্ষক ইয়োহেই তাকাওকার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান। তাতেই ৩–১ ব্যবধানে জয় নিশ্চিত হয় মায়ামির।
এই জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা মেজর লিগ সকার (এমএলএস)–এ প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরে ইন্টার মায়ামি—যেখানে জাদুকরী ছাপ রেখেছেন তাঁদের তারকা লিওনেল মেসি।