
ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ কেয়া পায়েল। বছরজুড়েই নাটক ও বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটান তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক কাজেও নিজেকে সমানভাবে সক্রিয় রাখছেন। তবে কাজের বাইরে ভক্তদের একটি কৌতূহল সবসময়ই থাকে—কবে বিয়ে করছেন কেয়া পায়েল?সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এই প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী। বিয়ে নিয়ে পরিকল্পনা জানতে চাইলে কেয়া পায়েল বলেন,“বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এমন সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।”
তিনি আরও বলেন,“সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক, আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।”তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন—এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলে জানান কেয়া পায়েল। বিষয়টি সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে তিনি বলেন, বিয়ের ক্ষেত্রে তিনি কেবল ঈশ্বরের ওপরই ভরসা রাখেন।এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে কেয়া পায়েল অভিনীত নাটক ‘তুমি আমার বউ’। নাটকটি ইতোমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি প্রচারিত হচ্ছে তার অভিনীত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’।