চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজার সাগরপাড়ে অবস্থিত ১৯৪ একর আয়তনের ডিসি পার্কে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের বৃহত্তম ফুল উৎসব “চট্টগ্রাম ফুল উৎসব–২০২৬”। বর্ণিল সাজে সেজে ওঠা ডিসি পার্কে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসন, চট্টগ্রামের সুপরিকল্পিত ও বৃহৎ কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক বলেন, “এটি শুধু চট্টগ্রামের নয়, সারাদেশের মানুষের জন্য আনন্দের বিষয়। জেলা প্রশাসনের এই উদ্যোগ অন্যান্য জেলার জন্যও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।” তিনি আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ফুল উৎসব উপভোগ করতে ডিসি পার্কে আসবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ; জনাব মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মাসব্যাপী এই ফুল উৎসবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ রয়েছে। নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে একটি সচেতনতামূলক স্টল এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কর্ণারও স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া এই ফুল উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ উৎসব সাধারণ দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।