
ঝলমলে আলো ও অনুরাগীদের ভালোবাসার আড়ালেও শোবিজ তারকাদের জীবনে লুকিয়ে থাকে নানা বিড়ম্বনা। এবার সেই বাস্তবতার মুখোমুখি হয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ভুয়া ফেসবুক আইডি খোলার ঘটনায় ক্ষুব্ধ ও বিরক্ত তিনি।মৌয়ের অভিযোগ, ফেসবুকে তার নামে একাধিক ভুয়া আইডি সক্রিয় রয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে, যা নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এ বিষয়ে নীরবতা ভেঙে মৌ স্পষ্ট করে জানান, ফেসবুকে তার একটি মাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা ফ্যান পেজ নেই। একই সঙ্গে ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন তিনি।ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে এই অভিনেত্রী বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া আইডি খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের সুন্দর করে অনুরোধ করছি—এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা বা লেখা প্রকাশ করা আইনত অপরাধ।”
তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ভক্ত, দর্শক ও পরিচিতজনদের সতর্ক করে মৌ বলেন, “ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে প্রতারিত হবেন না। আবারও বলছি—আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নেই। যারা এসব করছেন, সাবধান। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার, তাই হবে।”
উল্লেখ্য, এর আগেও নন্দিত অভিনেতা আলমগীরসহ একাধিক তারকার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির অস্তিত্ব পাওয়া গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।