১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তাদের আবেগঘন স্ট্যাটাস, ছবি ও ভিডিওতে ফুটে উঠেছে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও গর্বের অনুভূতি।
ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের স্মরণ করেন। সেলুলয়েড ফিতার আদলে তৈরি শহীদ মিনারের একটি প্রতীকী ছবি শেয়ার করে তিনি সকল বীর শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সামাজিক মাধ্যমে একটি বিশেষ ভিডিও প্রকাশ করে একুশের চেতনাকে তুলে ধরেন। ভিডিও বার্তায় তিনি ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
দুই বাংলার প্রথিতযশা অভিনেত্রী জয়া আহসান এক আবেগঘন স্ট্যাটাসে লেখেন, একুশের ভোরের আলো যেন কিছুটা ভিন্ন—বাতাসে মিশে থাকে শোক আর গর্বের মিশ্র অনুভূতি। তার ভাষায়, ভাষা কেবল উচ্চারণের বিষয় নয়; এটি মায়ের আঁচলের গন্ধ, শৈশবের প্রথম ছড়া আর আত্মপরিচয়ের গভীর শিকড়। তিনি উল্লেখ করেন, “সালাম, বরকত, রফিক, জব্বার—এই নামগুলো কেবল শহীদ নন, বরং বাঙালির ‘মা’ শব্দের ভেতরে লুকিয়ে থাকা অদম্য সাহস।”
চিত্রনায়িকা মুনমুন নিজের জীবনের একটি অভিজ্ঞতা তুলে ধরে জানান, এক সময় বিদেশি ভাষায় কথা বলাকে তিনি বিশেষ কিছু মনে করতেন। কিন্তু সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেছেন, নিজের ভাষায় মনের ভাব প্রকাশের আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী-সহ শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা সামাজিক মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।দেশজুড়ে নানা আয়োজনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে তারকাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা আরও শক্তভাবে পৌঁছে দিয়েছে। একুশ আজ শুধু শোকের দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয় ও অহংকারের এক চিরন্তন প্রতীক।
