চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার এবং এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী মনিরুল করিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ জুন) কোতোয়ালী থানার বান্ডেল রোডের বাঙালি সেবক কলোনি এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রাজারাম দাশ (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বান্ডেল রোডের মেথরপট্টি এলাকার বাসিন্দা। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার সংরক্ষণ কক্ষের এক কোণ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।