
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ প্রকাশে কোনো ধরনের হস্তক্ষেপ, ভয়ভীতি বা চাপ প্রয়োগ করা হবে না।শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে স্বৈরাচারী শাসনামলে সাংবাদিকদের সংবাদ প্রকাশে নানা ধরনের বাধা ও চাপের মুখে পড়তে হয়েছে। কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, গণমাধ্যম তার নিজস্ব গতিতে চলবে।’তিনি আরও বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া ছবি-ভিডিও তৈরি করা সহজ হয়ে গেছে। তাই বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারেও গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের কল্যাণ প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সারাদেশের মতো চট্টগ্রামের সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সম্পাদক পরিষদের বকেয়া পরিশোধের বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি গণমাধ্যম মালিকদের প্রতি সাংবাদিকদের নিয়মিত ও সময়মতো বেতন পরিশোধের আহ্বান জানান।অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। তিনি বলেন, গঠনমূলক সমালোচনা রাষ্ট্র পরিচালনায় সহায়ক ভূমিকা রাখে এবং এর মাধ্যমে ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্য ওসমান গনি মনসুর, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল কবির, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডা. আবু নাসের, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তারেক আহমদসহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা আবাসন সংকট, বেকার সাংবাদিকদের কর্মসংস্থান, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং গণমাধ্যম খাতের আর্থিক সংকটসহ বিভিন্ন পেশাগত সমস্যা তুলে ধরেন এবং এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।