
চট্টগ্রামে এক কিশোরকে (১৭) বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার আসামি দেলোয়ার মাল (৫৫)কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মে ২০২৬ তারিখে কোতোয়ালী থানাধীন আলমাস সিনেমা হল সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের আবাসস্থলে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আসামি দেলোয়ার মাল কৌশলে কিশোর শ্রমিক মো. শরীফকে নিজের কক্ষে ঘুমানোর জন্য নিয়ে যায়।
এজাহারে উল্লেখ করা হয়, ২২ মে দিবাগত রাতে সকল শ্রমিক ঘুমিয়ে পড়ার পর ২৩ মে রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে আসামি কিশোরটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে চিৎকার শুনে অন্য শ্রমিকদের ঘুম ভেঙে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আসামিকে দেখতে পান। এ সময় কিশোর শরীফ তার ওপর সংঘটিত নির্যাতনের বিষয়টি উপস্থিতদের জানান।
ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে কোতোয়ালী থানার মামলা নং-৪৪, তারিখ ২৩/০৫/২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন অধ্যাদেশ-২০২৫) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।পরবর্তীতে সিএমপির দক্ষিণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিকনির্দেশনায়, এসি বাকলিয়া জোনের তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মামনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ৯ জুন নন্দনকানন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামি দেলোয়ার মালকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।