
চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৮ জুন) এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মেয়র বলেন, স্বাস্থ্যসেবা, গবেষণা, আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তি এবং নগর ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়ন বর্তমান নগর প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। গত বছরের তুলনায় নগরীর জলাবদ্ধতা ৫০ থেকে ৬০ শতাংশ কমেছে এবং চলতি বছরে তা ৭০ থেকে ৮০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৩৭টি খালের পাশাপাশি আরও প্রায় ৪০টি খাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলোতে রিটেইনিং ওয়াল ও গাইডওয়াল নির্মাণ এবং অবৈধ দখলমুক্ত করার মাধ্যমে স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করেন মেয়র। তিনি বলেন, হাসপাতাল সংলগ্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে রোগী, স্বজন ও চিকিৎসকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রবর্তক মোড় থেকে জয়নগর পর্যন্ত ফুটপাত আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর লার্ভিসাইড ব্যবহারের ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ২০২৩ সালে প্রায় ৯ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হলেও চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।স্বাস্থ্যসেবার আধুনিকায়নের প্রসঙ্গে মেয়র বলেন, গবেষণা ও উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। জিনোম সিকোয়েন্সিং, মলিকুলার ডায়াগনস্টিকস এবং দ্রুত রোগ শনাক্তকরণ প্রযুক্তি সংক্রামক রোগ মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তিনি এ ধরনের প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এসপেরিয়া হেলথ কেয়ারের ভূমিকার প্রশংসা করেন।তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে প্রায় ১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করেছে। এছাড়া স্কুলগামী কিশোরীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি এবং ব্রেস্ট ও কোলোরেক্টাল ক্যানসারসহ বিভিন্ন রোগ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ বলেন, চট্টগ্রামে মলিকুলার ডায়াগনস্টিকস ও হিস্টোপ্যাথলজি সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবেষণাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, হামসহ বিভিন্ন জনস্বাস্থ্য-সংশ্লিষ্ট রোগ নিয়ে নিয়মিত গবেষণা পরিচালনা করা হচ্ছে।অনুষ্ঠানে এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ, পরিচালক জাহেদুল আলম, জয়নব রুমা, ডা. কামরুন নাহার জলি ও আবদুল মান্নানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, গবেষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।