
সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, গত ২০ জুন শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ আভিযানিক দল সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হন। তল্লাশি চালিয়ে বোট থেকে মায়ানমার থেকে চোরাচালান করে আনা প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ২৫ লাখ টাকা।অভিযানে জব্দ করা হয়েছে চোরাচালান কাজে ব্যবহৃত বোটটিও। একই সঙ্গে বোটে থাকা ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত কারেন্ট জাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।