
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) রাত ২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত বিদেশি মদ, বিয়ার ও সিগারেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।