
চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেলে নগরীর পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম।প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী নির্মাতা। তিনি দেশের রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি যুবসমাজ এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নতুন প্রজন্মের কাছে তার দেশপ্রেম, সাহসিকতা ও আদর্শ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ফুটবল দেশের অন্যতম জনপ্রিয় খেলা। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও দেশপ্রেমের শিক্ষা দেয়। মাদক, অলসতা ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রেখে একটি সুস্থ, মেধাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের প্রয়োজনে সাহসিকতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে যুবসমাজকে অনুপ্রাণিত হতে হবে।ফাইনাল ম্যাচে প্রবাসী কিংস চট্টগ্রাম ও শহীদ ওয়াসিম আকরাম একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে শহীদ ওয়াসিম আকরাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রবাসী কিংস চট্টগ্রাম।
টুর্নামেন্টে জাতীয় দলের গোলরক্ষক ও প্রবাসী কিংস চট্টগ্রামের খেলোয়াড় আনিসুর রহমান জিকো ম্যাচসেরা ও সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন। প্রবাসী কিংসের জাফর ইকবাল সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন। এছাড়া শহীদ ওয়াসিম আকরাম একাদশের ওহি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব সুশৃঙ্খল দল হিসেবে পুরস্কৃত হয়।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা।টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাপরিচালক মো. সুবক্তগীন, প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম, প্রধান পরিবহন কর্মকর্তা মো. শফিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, কেন্দ্রীয় যুবদলের সাবেক বিভাগীয় সহ-সভাপতি মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মঞ্জুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।