টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৩৭ রাউন্ড এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) এবং ২৫ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে টেকনাফ থানার মহেশখালিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।